প্রধানমন্ত্রীর জনসভার দিনে ময়মনসিংহে চলবে স্পেশাল ৮ ট্রেন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-০৮ ১৯:২০:০১


আগামী ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ময়মনসিংহে ৮টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকালে রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত জরুরী বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১১ মার্চ গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোণা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্ঝাইল-ময়মনসিংহ রুটে ৮টি স্পেশাল ট্রেন চলবে। ওই দিন ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে।

এ ছাড়াও ওই দিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে স্পেশাল ৮টি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর সার্কিট হাউজ ময়দানে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী ও এমপিরা উপস্থিত থাকবেন।

এএ