আহমদিয়াদের ওপর হামলা: ১৬ মামলায় গ্রেপ্তার ১৭৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১০ ১৩:০৮:৩৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনটি মামলা নিয়েছে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ১৬টি। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনসহ মোট ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল হুদা জানায়, শুক্রবার জুমার নামাজের পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এ জন্য সকাল থেকেই কাদিয়ানি সম্প্রদায়ের আবাসস্থলসহ পুরো শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কাদিয়ানিদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার জানায়, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৬টি মামলা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। পঞ্চগড়ের বোদা ও সদর থানায় করা মামলাগুলোতে নাম উল্লেখসহ নাম না জানা আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।
তিনি আরও জানায়, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













