জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১০ ১৫:১৯:১৮
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার উত্তর উস্তাংগেরগাও গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নিহত ব্যক্তি হলেন-এলাকার ময়না মিয়ার ছেলে আব্দুল খালিক (৪০)।
এ ঘটনায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, বসতভিটার দুই শতাংশ জমি নিয়ে ময়না মিয়া ও তার ছোট শ্যালক আব্দুর নুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে আব্দুল খালিকের বাড়িতে এ নিয়ে পারিবারিকভাবে জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ, আলী হোসেনসহ বেশ কয়েকজন আলোচনায় বসেন। আলোচনা চলাকালে হঠাৎ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামাতো ভাই সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে।
ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল খালিককে রাতেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২) রানা আহমদ (২০) আলী হোসেনসহ (২৬) মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













