যশোরে আদ্-দ্বীনে ৫০০ শয্যা হাসপাতাল উদ্বোধন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১১ ২০:০৪:৫৯


যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) যশোরের পুলেরহাটে ১১তলা ভবনের এ হাসপাতালটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উদ্বোধন শেষে আদ্-দ্বীন মেডিকেল কলেজ মিলনায়তনে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য বলেন, মানুষ ও মানবতার সেবায় আদ্-দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আদ্-দ্বীন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। আদ্-দ্বীন স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কাজ করছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তাদের কর্মতৎপরতা যথেষ্ট প্রশংসনীয়।

আদ্-দ্বীন থেকে অনুপ্রেরণা নিয়ে স্বাস্থ্যসেবায় অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, যশোর বিএমএর সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অধ্যাপক ডা. জামানুন্নেসা নীলা, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ।

২০১২ সালে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠা হয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ। এ বছরে এসে মেডিকেল কলেজের ক্যাম্পাসে ১৭ হাজার বর্গফুট জমিতে প্রতিষ্ঠা হলো ৫০০ শয্যা এ মেডিকেল কলেজ। এ হাসপাতালে সাশ্রয়ী খরচে সব ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

হাসপাতালের উদ্বোধন উপলক্ষে ১১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালিত হবে।

এএ