পবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১২ ১৩:৩৪:১২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্টে শফিকুর রহমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন তিনজন।
মৃত শফিক দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।
জানা যায়, রোববার বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদ ঢালাই করার জন্য শনিবার তাড়াহুড়ো করে রডের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকেরা। নিচ থেকে উপরে রড উঠানোর সময় বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়। এতে শফিকুর রহমান ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ইমরান হোসেন (২৫), মো. মনিরসহ (২৭)সহ আরও একজন মারাত্মক দগ্ধ হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। এ ধরণের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।’
হেলথকেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. এ. টি. এম. নাসির উদ্দীন বলেন, ‘আহত শ্রমিকদের শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে তাদের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













