রিমান্ড নামঞ্জুর, কারাগারে চিত্রনায়িকা মাহিয়া মাহি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১৪:০৭:৪২
রিমান্ড নামঞ্জুর করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। সেখানে বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন, মাহিয়া মাহিকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর স্বামী রাকিব সরকার পলাতক।
গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। কোটি টাকার জমি দখল এবং জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন স্থানীয় ইসমাইল হোসেন। এই মামলায় মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। এই মামলার বাদী বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রোকন মিয়া। এই মামলায় মাহি ও তাঁর স্বামীকে আসামি করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













