মাদকসেবীদের হাতে অটোরিকশা চালক খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১১:০৭:৫১


নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালককে খুন করেছে মাদকসেবীরা। শনিবার (১৮ মার্চ) রাতে ফতুল্লার হাজীপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১৯ মার্চ) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি বগুড়ার ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানের ছেলে শাহীন আলম (২২)। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়ায় থাকতেন এবং অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন শনিবার রাতে অটোরিকশা চালিয়ে যাবার সময় আশরাফুল নামে এক মাদকসেবীর পায়ে লেগে যায়। এ সময় দুজনের মধ্যে তর্ক ও ঝগড়া হয়। পরে দুজনেই বন্ধু নিয়ে এসে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় শাহীনকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, শনিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি