এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণে অভিযান, তিনদিনে ৩৭৮ মামলা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১৪:২৫:৫৫


পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে শিবচর হাইওয়ে পুলিশের ৩ দিনের অভিযানে ৩৭৮টি মামলা হয়েছে। মহাসড়কের একাধিক স্থানে হাইওয়ে পুলিশ অবস্থান নিয়ে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে এই অভিযান করছেন। বুধবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত গতিসীমা লঙ্ঘন করায় ৩০টি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ১৯ মার্চ এক্সপ্রেসওয়ের কতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হলে ১৯ জনের মৃত্যু হয়। এরপর থেকে গতিসীমা নিয়ন্ত্রণে তৎপর হয় হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, গতিসীমা লঙ্ঘন করায় বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০টি যানবাহনকে মামলা দেয়া হয়। এর আগে গত সোমবার (২৭ মার্চ) ১৯৪টি এবং মঙ্গলবার (২৮ মার্চ) ১৫৪টি মামলা করে পুলিশ। গতিসীমা নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের তিনটি টিম একযোগে কাজ করছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘গতিসীমা লঙ্ঘন করায় গত ৩ দিনে ৩৭৮টি মামলা দায়ের করা হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।’

এম জি