সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-৩০ ১৫:৩২:৪৮


ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) মামলার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজাম উদ্দিন জানান, বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শামসকে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। আদালতে তোলার পর কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। অপরদিকে মামলায় জামিন চেয়ে শামসের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক রাখার আবেদনে আবু আনছার উল্লেখ করেন, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বিধায় তাকে কারাগারে রাখা যেতে পারে।

২৬ মার্চ প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি শিশুর ছবি ও ক্যাপশনে অসংগতি থাকার প্রেক্ষাপটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ১৭ মিনিটের মাথায় প্রথম আলো ছবি ও ক্যাপশনটি সরিয়ে ফেলে এবং ভুল স্বীকার করে জানায়, ছবির ভুলে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এম জি