বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০২ ১১:৩০:২১


সাভারের আশুলিয়ায় দুই বাসের মাঝে চাপা পড়ে মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় সেই বাস দুটির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। এখন বাস দুটির আগুন নিয়ন্ত্রণে।

বাসে আগুন ধরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ এরপরই স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়৷ আর নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এম জি