হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৭ ১২:২৬:০৩


দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ৭ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছিল ২৫ টাকা। সরবরাহ কমের কারণে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম অনেকটাই কমে যেতো। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান বলেন, আমার ছোট একটি খাবারের হোটেল আছে। সেখানে প্রতিদিন বিভিন্ন খাবার তৈরীর জন্য বেশ কিছু পেঁয়াজের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহের জন্য ১৫ কেজি পেঁয়াজ আমি কিনে থাকি। আজকে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজি প্রতি ৭ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রতি দিন নিত্য পণ্যের দাম বৃদ্ধি হলে আমরা ছোট ব্যবসায়ীরা কিভাবে চলবো। সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করাও হচ্ছে না। নিয়মিত বাজার মনিটরিং করা হলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে সাহস পেতো না। নিয়মিত বাজার মনিটরিং এর দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের কৃষকদের কথা চিন্তা করা গত ১৫ মার্চ থেকে ভারত হতে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। যার ফলে দেশের কৃষকরা ইচ্ছে মতো পেঁয়াজের দাম নিচ্ছেন দাবি সাধারণ ভোক্তাদের।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, দেশের কৃষকরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমে যেতো। আমদানি বন্ধ থাকার কারণে দেশি কৃষকরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। আমরা ব্যবসায়ীরা নাটোর, পাবনা, ঈশ্বরদী, বিরামপুর থেকে পেঁয়াজগুলো কিনে এনে হিলি বাজারে বিক্রি করছি। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণে ক্রেতা অনেকটাই কমে গেছে।

এএ