বিশ্ববিদ্যালয়ের হল থেকে চবি ছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৯ ০৯:২৯:৩৫


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার আবাসিক হল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় তাকে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছাত্রী ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিল।

শামসুন্নাহার হল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ওই ছাত্রী গলায় ফাঁস দেওয়ার সময় তার স্বামী আবাসিক হলটির নিচে অবস্থান করছিলেন। কিন্তু এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ড. নূরুল আজিম সিকদার জানান, ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, আমাদের এখানে নিয়ে আসার সময়ও তিনি বেঁচে ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এম জি