সেই নাফিজ আলম মাদক মামলায় কারাগারে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১০ ১৬:০৯:২১


জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানী ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

নাফিজের পক্ষে তার আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কলারক্যান জব্দ করা হয় বলে পুলিশ জানায়। এছাড়া, একটি ল্যাপটপ, আইফোন, মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই রিয়াদ আহমেদ ভাটারা থানায় মাদক মামলা দায়ের করেন।

এএ