কালিয়াকৈরে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৫:০৩:২৩
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বুধবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানার মূল ভবনের পাশে আধাপাকা একটি শেডে তুলার গুদাম রয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে ওই গুদামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানার দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, কাশিমপুর ও ইপিজেডের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, চেষ্টা করছি আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













