স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-১৪ ১২:৩৩:৫১


কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. স্বপন মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি মো. স্বপন মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন না।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

আইনজীবী মো. জাকির হোসেন জানান, কুমিল্লা নগরীর শাসনগাছা নুরুল ইসলাম কলোনির মোমেনা বেগমের বাসায় ভাড়া থাকতেন ফাতেমা বেগম। ২০০৬ সালে ফাতেমা বেগমকে বিয়ে করেন ভাঙাড়ি মালামাল বিক্রেতা মো. স্বপন মিয়া। পরিবারের নানা বিষয় নিয়ে প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর মধ্যে ফাতেমার এক সন্তান আনিসুর রহমান পাটোয়ারি জন্ম নেয়। প্রতিনিয়ত ঝগড়া বিবাদের এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০১২ সালের ১৯ আগস্ট রাত ৩টায় ঝগড়া করে ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বপন পালিয়ে যান।

এম জি