আওয়ামী লীগ সভাপতিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১৭:২০:১৪
বাংলা নববর্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার আগে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে এ শুভেচ্ছা জানান তারা।
এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে দল।
রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটিতে মনোনয়ন পেয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সিলেটে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বরিশালে মনোনয়ন পেয়েছেন আওয়ামী যুবলীগের সদস্য আবুল খায়ের আবদুল্লাহ। বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবার মনোনয়ন পাননি।
এর আগে গত ৩ এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোট অনুষ্ঠিত হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














