দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২০ ১৩:৪৯:৪১


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব ও পল্লবীর বোনের ছেলে অপূর্ব।

দুর্ঘটনায় আহত তিনজন হলেন- পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), দুই ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে চিকিৎসার জন্য আসছিলেন ওই পরিবারের ৭ জন। পথে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে তাদের বহন করা ইঞ্জিনচালিত পাগলু গাড়িকে পেছন থেকে যাত্রীবাহী একটি কোচ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এম জি