ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৪-২৭ ১৫:২৩:১৮


ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় ৭টি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫শ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে।

ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর বন্ধ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে আপলাইনে কবে নাগাদ ট্রেন চলাচল করতে পারবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

এম জি