চট্টগ্রামের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমানের জয়

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৭ ২১:২৫:৪২


চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৮৭ ভোট। তার প্রতীক মোমবাতি।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া একতারা প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী পেয়েছেন ৪৮০ ভোট, আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ৬৭৩ ভোট এবং চেয়ার প্রতীকে সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন ১ হাজার ৮৬০ ভোট।

নির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

নির্বাচনে প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, স্বতন্ত্র হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ও ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ।

এম জি