বগুড়ায় সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৭:৫৮:০৬


বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার উপজেলার ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৪) ও তার ছেলে স্থানীয় আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহিদুর রহমান (৪৫)।

ইন্দইল গ্রামের আবু হাসনাত রকি নামের এক প্রত্যক্ষদর্শী জানায়, এ দিন সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল এলাকায় সড়কের ওপর একটি হাতি নিয়ে মাহুত কাউসার লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় একটি মোটরবাইক হাতিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরবাইকে থাকা একজন আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, জাহিদুর রহমান সকালে তার বাবা লোকমান আলীকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। তারা ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে লোকমান আলী মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম জি