ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-৩০ ১৩:০৫:৫১


অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) ঢাকা বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম পৃথক দুটি ধারায় এ আদেশ দেন।

রায়ে মানি লন্ডারিং আইনে সেলিম প্রধানকে চার বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিম প্রধান র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। ওই বছরের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এই উপপরিচালকই মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পান। ২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সেলিমের উপস্থিতিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এম জি