এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০১ ১০:১২:৪২


মাদারীপুর শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় ২ ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, যশোরের কোতোয়ালি উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. সুজন মিয়া (২৬) ও বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির হাওলাদার (৩৬)।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র থেকে জানা যায়, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফলবাহী ট্রাকটি ওই এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির নিচে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করে। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির নিহত হন। অন্যদিকে অপর ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন।

উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, সোমবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এম জি