রোহিঙ্গা ক্যাম্পে গুলির পর গণপিটুনিতে নিহত ১

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-০৭ ১৪:০০:৪৬


কক্সবাজারের উখিয়া বালুখালী শরণার্থী শিবিরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) শীর্ষ সন্ত্রাসীদের গুলিতে মা ও দুই ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৭ মে) ভোরে এই গুলির ঘটনার পর রোহিঙ্গাদের গণপিটুনিতে মারা গেছে এক আরসার সদস্য।

গুলিবিদ্ধরা হলেন, রমিদা খাতুন (৫৫), তার ছেলে মো. রফিক (২৫) ও জুবায়ের (১৮)। এরা সবাই উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে নিহত ব্যাক্তি সন্ত্রাসী আরসা গ্রুপের সদস্য হিসেবে শনাক্ত করলেও তার পরিচয় নিশ্চিত হতে পারেনি এপিবিএন পুলিশ।

এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বলেন, ‘ভোরে বালুখালী ক্যাম্প-১৩ এর রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেনের ওপর হামলা চালায় ২০-২৫ জন আরসা সদস্য। এসময় তাদের গুলিতে আশপাশে থাকা একই পরিবারের তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সাধারণ রোহিঙ্গাদের গণপিটুনিতে একজন আরসা সদস্য মারা যায়। এ ঘটনায় ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জেরদার করা হয়েছে।

এম জি