রান্নাঘরে আগুন লেগে নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১১:০৪:৩২
বাগেরহাট সদর উপজেলায় একটি বাড়ির রান্নাঘরে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের আব্দুল গনীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত সাফিয়া বেগম আব্দুল গনীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, রান্নাঘরে সাফিয়া বেগম রান্না করছিলেন। এক পর্যায়ে আগুন লেগে গেলে বসত ঘরে থাকা তার স্বামী আব্দুল গনীসহ অন্য সদস্যরা বাইরে বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে মারা যান।
খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সরোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন সাফিয়া বেগম। অসতর্কতাবশত চুলা থেকে আগুন লেগে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে, বড় ঘরেরও বেশ ক্ষতি হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













