ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত বেড়ে ৫
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-১১ ০৯:৫৭:২৬
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা ও নবজাতকসহ নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিশ্বজিত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলাম এর স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার একদিন বয়সী নবজাতক শিশু কন্যা। নিহত তানজিলা খাতুনের বড় জামাতা সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন (২৮), অপর নিহত ব্যক্তি তাজিজুল ইসলাম (২৭)। এ ছাড়া তানজিলা খাতুনের পেটে থাকা অপর জমজ সন্তানেরও মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র থেকে জানায়, তানজিলা খাতুনের পেটে জমজ সন্তান ছিল। মঙ্গলবার (৯ মে) তানজিলা একটি সন্তান প্রসব করেন। বুধবার সকাল পর্যন্তও অপর সন্তান জন্মগ্রহণ না করায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। এক পর্যায়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুরে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি তেলবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহতসহ অন্তত চার জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া তানজিলার পেটের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিশ্বজিত কুমার জানান, বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকটিকে থানায় নেওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













