বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পাওয়ায় এই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
আপডেট: ২০২৩-০৫-১৬ ২০:৩৬:৩৩
বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পাওয়ায় হয়তো সরকার কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সরকার। কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে এক ঘরে করে দেবে। সরকার শংকিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘকাল ধরে তাঁরা (রাষ্ট্রদূতেরা) এই প্রটোকল পেয়ে আসছেন। হঠাৎ করে সেই প্রটোকল বাতিল করে দেওয়ার অর্থটাই হচ্ছে, সামথিং ইজ ভেরি রং উইথ দিজ কান্ট্রিজ। এটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে, একটা সংকট সৃষ্টি করবে। নিশ্চিত করে বলতে পারি, এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, কূটনীতির বিষয়ে এটা আরও একঘরে করে তুলবে বাংলাদেশকে। কারণ সমস্যাটা শুধু সরকারের না, সমস্যাটা তো বাংলাদেশের জনগণের। কারণ, এটার যে পরবর্তী প্রভাব, সেই প্রভাব বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, আজকে ধরেন, যুক্তরাষ্ট্র এই বিষয়ে যদি পাল্টা কোনো ব্যবস্থা নেয়, সেটা তো বাংলাদেশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যুক্তরাজ্য যদি পাল্টা ব্যবস্থা নেয়, সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সৌদি আরব সব সময় বাংলাদেশকে সহযোগিতা করছে, এমনকি দেখলাম যে ভারতও এর মধ্যে রয়েছে। জাপান আছে, অস্ট্রেলিয়া আছে…যারা আমাদের সবচাইতে বড় উন্নয়ন সহযোগী। তাদের জন্য এটা করা হয়েছে। আমি মনে করি, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা কখনো শুভ ফল বয়ে আনবে না।
‘নির্বাচনকালীন সরকার’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার যে বক্তব্য দিয়েছেন, সেটাকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার কী গঠন করবে না করবে, দ্যাট ইজ ইমমেটারিয়াল (গুরুত্বপূর্ণ নয়)। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, সেখানে আমরা কোনো দলীয় ব্যক্তিদের চাই না।
নির্বাচনকালীন সরকার হলেও তাতে বিএনপির সুযোগ নেই—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, আমরা যে সংগ্রাম-লড়াই করছি, সেই লড়াইটা হচ্ছে একটা সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক সংসদ তৈরির জন্য। এই সরকার ক্ষমতায় থাকলে এটা হবে না। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির সংসদ থেকে পদত্যাগ করাটা ভুল ছিল কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কখনোই না। এটা (সংসদ থেকে পদত্যাগ) অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ, এই সংসদ জাতির আশা পূরণে ব্যর্থ হয়েছে তো বটেই, এই সংসদে জাতির প্রতিনিধিত্বই ছিল না। কারণ, তারা নির্বাচিত নয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














