দিনাজপুরে সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১১:৩০:৫২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তবে বিজিবির কর্মকর্তা বিএসএফ কর্তৃক গুলির বিষয়টি নিশ্চিত করেনি।
নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির জানান, নিহতের বিষয়টি জেনেছি। তবে বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা আমরা নিশ্চিত না। আমরা পতাকা বৈঠক ডেকেছি এ বিষয়ে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শরীরে ৪টি গুলির চিহ্ন রয়েছে। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে কি না এটি এখনও নিশ্চিত না। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













