বিষ দিয়ে তালগাছ নিধন: আ’লীগ নেতাকে জরিমানা ও চাকরিচ্যুতির নির্দেশ
আপডেট: ২০২৩-০৫-১৮ ১৮:৩৮:২৫
রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ নিধনে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও করখণ্ড দাখিল মাদরাসার শিক্ষক শাহরিয়ার আলমকে ৪ (চার) লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে করখণ্ড দাখিল মাদ্রাসা তাকে থেকে বহিস্কারেরও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, ৬০ দিনের মধ্যে এ টাকা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিবেন। কৃষি কর্মকর্তা এ অর্থ দিয়ে যে সব তালগাছ জীবিত আছে সেগুলোও পরিচর্যা করবেন, পাশাপাশি আরও নতুন গাছ লাগাবেন।
সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে শাহরিয়ার আলমকে করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক পদ থেকে বহিস্কার করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকেও নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া আদালত এই রায় ও আদেশ রাজশাহী জেলা আওয়ামী লীগ বরাবরে পাঠাতে বলা হয়েছে। তারা যেন এ বিষয়ে তাদের দলীয় সিদ্ধান্ত নিতে পারেন।
আদালতে শাহরিয়ার আলমের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহিদুল হক জাহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। দৈনিক প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













