মধ্যরাত থেকে সাগর-সুন্দরবনে মাছ আহরণে নিষেধাজ্ঞা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৯ ১৬:০৯:২২
মৎস্য অধিদপ্তর এবং বনবিভাগ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ২০ মে থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবনে সব মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে ২৩ জুলাই পর্যন্ত সাগরে এবং ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা।
এছাড়া প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে ১ জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলও। ফলে তিন মাস বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটকদের আগমন-ভ্রমণ।
বছরের বিভিন্ন সময় মৎস্য অধিদপ্তর ও বনবিভাগের নিষেধাজ্ঞার কারণে জেলেরা মাছ ধরতে পারেন না সাগর এবং সুন্দরবনে। এরমধ্যে দুর্যোগ তো আছেই। ফলে বছরের বেশিরভাগ সময়টা খেয়ে না খেয়েই কাটে উপকূলের জেলেদের। তাই জেলেদের বিকল্প কর্মসংস্থানসহ নিষেধাজ্ঞা চলাকালে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার মতো সরকারি সাহায্য পাওয়ার আবেদন জানিয়েছেন তারা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ২০ মে থেকে মৎস্য অধিদপ্তরের জারিকৃত সাগরে নিষেধাজ্ঞার সঙ্গে বনবিভাগেরও একাত্মতায় মাছ ধরা বন্ধ থাকবে সুন্দরবনেও। এছাড়া ১ জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় এ সময় সুন্দরবনের নদী-খালে কোনো প্রকার মাছ শিকার করতে পারবেন না জেলেরা। একই সঙ্গে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলও।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













