সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২০ ০৯:০০:৪৫
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের জন্য নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। শুক্রবার (১৯ মে) দিনগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বঙ্গোপসাগর ও সাগর মোহনা থেকে তীরে ফিরে এসেছেন ভোলার জেলেরা। তবে নিষেধাজ্ঞার এ ৬৫ দিন তাদের নামে বরাদ্দের চাল পাওয়ার দাবি জানিয়েছেন তারা।
দেখা গেছে, ভোলার সদর উপজেলার শিবপুরের ভোলার খাল, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ঘাটে সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা তাদের ফিশিং বোট নিয়ে তীরে ফিরে আসছেন। তীরে পৌঁছেই তাদের ফিশিং বোটে থাকা মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম উঠিয়ে কেউ বাড়িতে আবার কেউ মৎস্য আড়তদারদের হেফাজতে রাখছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করেন তাহলে তাদের আইনের আওতায় এসে শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা বেকার হয়ে পড়বেন। তাই এনজিওর কিস্তি বন্ধের জন্য আমরা আলোচনা করেছি। জেলেরা যাতে দ্রুত চাল পায় সেজন্যও আমরা ব্যবস্থা নেবো।
জেলার সাত উপজেলায় সাগরে মাছ শিকার করা নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫০ জন। এদের মধ্যে সব জেলেই এবছর নিষেধাজ্ঞার সময় ৮৬ কেজি করে চাল পাবেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













