আ.লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্বাধীনতাবিরোধী দল: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২১ ১৪:৫১:৪৫


সরকার পরিকল্পিতভাবে নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এক মুহূর্ত দেশ পরিচালনায় থাকলে দেশ আরো খারাপের দিকে যাবে। বর্তমান আওয়ামী লীগ অনেক বেশি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী। কাউকে সহ্য করতে পারে না। জনগণের কাছে দেয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্বাধীনতাবিরোধী দল। অনেক ধরনের খেলা হবে, চেষ্টা হবে ভুল বুঝাবুঝি তৈরি করার। দেশপ্রেমিক শক্তিকে ভুল না বুঝে দলকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

রোববার (২১ মে) জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগ পুরোপুরি বেআইনিভাবে জনগণের অংশগ্রহণবিহীন দুটি ভুয়া নির্বাচন করেছে।

তিনি বলেন, সরকার নির্বাচনকে একটা টুলসে পরিণত করেছে। এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেউ আদায় করে দেবে না। নিজেদেরই আদায় করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এম জি