সায়েন্সল্যাব এলাকায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৩ ১৭:২৭:৩৫


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। এসময় বেশকয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ২ টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। এরপর সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব ও বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

এএ