কটলার সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেলেন ইবিএল এমডি ইফতেখার
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২৩ ১৮:০২:৪৯
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অব দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন। মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত ড. ফিলিপ কটলারের সম্মানে প্রদত্ত এই পুরস্কারের মাধ্যমে ব্যবসাখাতে তাৎপর্যপূর্ণ অবদান রাখা ব্যতিক্রমধর্মী মার্কেটিং ক্যাম্পেইন ও উদ্যোগকে সম্মাননা জানানো হয়।
রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে মডার্ন মার্কেটিং সামিট-২০২৩ এ বাংলাদেশে এই সম্মানজনক পুরস্কার প্রবর্তনের পর প্রথমবারের মতো মনোনীতদের স্বীকৃতি জানানো হলো। অনুষ্ঠানটির আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ। শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালটেন্সি প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ইনকর্পোরেশন অনুষ্ঠানের পাওয়ার্ড বাই পার্টনার।
পুরস্কার গ্রহণের পর আলী রেজা ইফতেখার বলেন, মর্যাদাপূর্ণ সিইও অব দ্য ইয়ার পুরস্কার প্রাপ্তি আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিনীতভাবে এই স্বীকৃতি গ্রহণ করছি এবং এই পুরস্কারের জন্য আমাকে যোগ্য হিসেবে বিবেচনা করায় বিচারক প্যানেলকে ধন্যবাদ জানাই। ইস্টার্ন ব্যাংকে আমরা যে টিম ওয়ার্ক এবং এক্সিলেন্স কালচারের প্রতি প্যাশন তৈরি করতে পেরেছি, এই প্রাপ্তি তারই ফল।
তিনি আরও বলেন, আমি মনে করি এই পুরস্কারটির মূল দাবিদার টিম ইবিএল। আমি টিমের একজন সদস্য মাত্র। সকল গ্রাহক, পার্টনার এবং স্টেকহোল্ডারদের তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই, যা আমাদের প্রবৃদ্ধি ও উদ্ভাবনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আলী রেজা ইফতেখার বিগত ৩৭ বছর ধরে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৭ সাল থেকে তিনি ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন। ২০১৪-১৫ এবং ২০২০-২১ মেয়াদে ইফতেখার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














