পুলিশ-বিএনপির সংঘর্ষ: গয়েশ্বরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আপডেট: ২০২৩-০৫-২৪ ১৭:০৬:১৩
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির বাদী উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া।
বুধবার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু।
এর আগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। গতকালের সংঘর্ষের ঘটনায় যে ২৭ জনকে আটক করা হয়েছিলো তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার দুপুর ২ টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। এরপর সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব ও বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













