কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুণসহ আহত ৩০
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৬ ১৫:৩৮:১০
কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ মে) সংঘর্ষের সময় স্থানীয় আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করে বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় নিপুন রায়সহ অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হন। পুলিশের শক্ত অবস্থানের মধ্যে সমাবেশ আবার শুরু হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতা–কর্মী আহত হয়েছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন। রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














