আজিজ কো-অপারেটিভের সাবেক চেয়ারম্যান তাজুলের জামিন বাতিলে মানববন্ধন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৪:৫৫:৫৮


অর্থপাচার মামলায় আমানতকারীদের ১১২ কোটি টাকা পরিশোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ মাসের বেঁধে দেওয়া সময় শেষ হতে চললেও সমবায় প্রতিষ্ঠান আজিজ কো-অপারেটিভের সাবেক চেয়ারম্যান এম. তাজুল ইসলাম টাকা ফেরত দেননি।

তাই শর্ত ভঙ্গের অভিযোগে তার জামিন বাতিলের দাবিতে শনিবার (২৭ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীরা।

ভুক্তভুগীরা জানান, সিআইডি, দুদকের মানি লন্ডারিং সহ অর্ধ শতাধিক মামলায় মামলায় ৩ বছর কারাভোগের পর গত বছরের ৫ ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাজুল ইসলামকে ৬ মাসের মধ্যে আমানতকারীদের ১১২ কোটি টাকা ফেরত দেয়ার শর্তে জামিন দেন। ওই শর্তানুযায়ী আগামী ৪ জুন ৬ মাস পূর্ন হবে। এরপরও তিনি আমানতকারীদের এক টাকাও ফেরত দেননি।

বরং জামিনে বের হয়ে এসে তাজুল ইসলাম ও তার স্ত্রী আফরোজার নির্দেশে শপিং মলের সাবেক মার্কেটিং অফিসার সাইফুল, রাকিব, কামাল হোসেন ও হাসান স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে আজিজ কো-অপারেটিভ শপিং মলে হামলা চালায়। এছাড়া উল্টো আমানতকারীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।

মানববন্ধনে প্রতিষ্ঠানের সেক্রেটারি ও আমানত স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এস এম হারুনার রশিদ, পরিচালক ওসমান গনি ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান বাহার, সাইফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান আব্দুস সালাম,খুলনা বিভাগীয় প্রধান আবুল হাসানসহ আঞ্চলিক প্রধানগন এবং দুই শতাধিক আমানতকারী উপস্থিত ছিলেন।

এম জি