যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি, অবাধ-সুষ্ঠু নির্বাচন চেয়েছে: কৃষিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৬:৩৬:১৯


যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন, এখানে সরকারের কিছুই করার নেই। আমরা আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি কেউ ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায় ও নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এতে আমাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে।

এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, অবশ্যই একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবো। ৩০০ সিট রয়েছে, কিন্তু আমার দরকার ১৫০টি সিট। আমি কি সব সিটে জিতবো। আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে। তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন, আমরা জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

এম জি