আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১৫:৩৩:৫৬


জন্মগতভাবেই নিজেকে আওয়ামী লীগ দাবি করে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ। আমি সারাজীবন আওয়ামী লীগ করেছি। এখনও আওয়ামী লীগেই আছি। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এই বিষয়টি দল বুঝবে।

রোববার (২৮ মে) দুপুর ১২টায় গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সে সময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ মাও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম জি