সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে বাম্পার ফলন হয়েছে: খাদ্যমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১৬:৩৩:৪৮
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে বাম্পার ফলন হয়েছে। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের নায্য মূল্য পাচ্ছে। অথচ বিএনপির আমলে ১৯ কৃষকের প্রাণ গিয়েছিল।
তিনি বলেন, গরীব মানুষের চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করে শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল বিবেচিত হচ্ছে।
রোববার (২৮ মে) পোরশা উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সকল পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি এদেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, বিএনপি এটা নিয়ে খুশি। এমনকি বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য, দেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন। অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে মধ্যম আয়ের দেশ।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













