পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৮ ২১:০৫:৪৭
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে, পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে তার কমিশন বদ্ধপরিকর। এ সময় নির্বাচনের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন কিনা তা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়। রোববার বিকেলে নগরের সার্কিট হাউস সভাকক্ষে এতে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উৎসব মুখর ভোটের পরিবেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য বলে জানান সিইসি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













