নুরুল হক হত্যা: বাবা-ছেলেসহ এক পরিবারের ৭ জনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-২৯ ১৯:৫২:২৩
খাগড়াছড়ি জেলার রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি হত্যা মামলায় বাবা-ছেলেসহ এক পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।
রায় ঘোষণার সময় প্রধান আসামি মিজানুর রহমানসহ ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মো. রাসেল পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি আসামিরা নুরুল হক ওরফে হকি কোম্পানিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রামগড় থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। একই বছরের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।
তিনি বলেন, মামলায় বাদীপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামিপক্ষের দুইজনসহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আরিফ উদ্দিন ও জসিম উদ্দিন মজুমদার। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আসামিপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করব।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













