নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পিকআপ, মা-মেয়ে নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-৩০ ১০:০১:৫৫
টাঙ্গাইলের ধনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়কের পাশের বসতঘরের ওপর উঠে পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গনেশ চন্দ্র রবি দাস নামে একজন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।
মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













