ফেনীতে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৬-০১ ০৯:৩০:৪৬
ফেনীর কাজিরদিঘীতে কাভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে স্বামী ও স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১ জুন) রাত ২টার দিকে কাজিরদিঘী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিক আপ চালক আবু সাঈদ (২৯)। গুরুতর আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২)।
পুলিশ জানায়, বুধবার বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিল পিকআপটি। এ সময় পিকআপে শিমুল তার স্ত্রী ইয়াসমিন তাদের আত্মীয় আবু সাঈদ ছিলেন। দিনগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের কাজির দিঘি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপ। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের পুলিশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুজনকে হাসপাতালে ভর্তি করেন।
ফেনীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া বলেন, রাতে খবর পায় ফায়ার সার্ভিস। আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সর্বশেষ তিনজনের মৃত্যু হয়। দুজন গুরুতর আহত হয়েছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনায় পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













