বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ নিহত ৪

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-০১ ১৮:৩০:০৯


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার উপপরিদর্শক মুরাদ জানান, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সঙ্গে মধুপুরগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এম জি