বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ৩
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১০:৩৭:২৯
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার (৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, সুরতহাল শেষে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













