বিএফআইইউ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মধ্যে চুক্তি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১৭:৫৫:১৬
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিলন্ডারিং অপরাধ প্রতিরোধ বিষয়ক তথ্য বিনিময় এবং আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তি মানি লন্ডারিং প্রতিরোধ প্রচেষ্টা জোরদার করার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির নিকট একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিএফআইইউ এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিচালক তানভীর মমতাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকটি বাংলাদেশে অবৈধ আর্থিক কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে বিএফআইইউ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর মধ্যে তথ্য বিনিময়, সহযোগিতা এবং সমন্বয়ের জন্য একটি সুদৃঢ় কাঠামো স্থাপন করবে। তাদের নিজ নিজ দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর মাধ্যমে, সংস্থা দুটি মানি লন্ডারিং সংশ্লিষ্ট স্কিম সনাক্তকরণ এবং তা প্রতিরোধে বিদ্যমান প্রচেষ্টার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে মর্মে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
সমঝোতা স্মারকের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে সন্দেহজনক আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য আদান প্রদান, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা সংস্থাগুলি সনাক্তকরণ, উভয় সংস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ উদ্যোগ গ্রহণ এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন। সংস্থা দুটির পারষ্পরিক সহযোগিতা মাদকদ্রব্য সংশ্লিষ্ট আর্থিক অপরাধসমূহ সনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফআইইউ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উভয় সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ-এর উপপ্রধান এএফএম শাহিনুল ইসলাম, বিএফআইইউ এর পরিচালক মোঃ মাসুদ রানা, যুগ্ম পরিচালক মোঃ আরিফ খান, উপপরিচালক আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার এবং সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বিএফআইইউ এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ হতে রাজিব মিনা, উপপরিচালক এবং মোঃ বজলুর রহমান, উপপরিচালক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকটি বিএফআইইউ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর -এর মধ্যে একটি অংশীদারিত্বের মঞ্চ তৈরি করেছে, যা মানিলন্ডারিং এর বিরদ্ধে চলমান লড়াইয়ে উভয় সংস্থাকে সহায়তা করবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














