হাতপাখার ভোট যায় নৌকায় অভিযোগ আউয়ালের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১২ ১২:৪৬:১০


ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট যায় বলে অভিযোগ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়ালের।

সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।

ইভিএম নিয়ে অভিযোগ করে তিনি বলেন, আমরা যেসব অভিযোগ পেয়েছি। ভোট দেওয়া যাচ্ছে না। আমার এ কেন্দ্রে কোন সমস্যা হয়নি। মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছে। আমার পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের ৩ নং কেন্দ্রে স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে হাত পাখায় ভোট দিলে নৌকায় আসছে। এটা বড় সমস্যা।

আউয়াল বলেন, এখনও পরিবেশ ভালো। এ রকম পরিবেশ থাকলে আমি আশা করি মানুষ ভোট দিতে আসবে। সব কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট আছে। কোন প্রকার ষড়যন্ত্র না হলে আমার হাত পাখা মার্কা আশা করছি বিপুল ভোটে বিজয় লাভ করবো। নির্বাচন যদি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয় ফলাফল যা হয় তা মেনে নেব।

স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে হাত পাখায় ভোট দিযে নৌকায় যাওয়া ভুক্তভোগী শোয়েবুর রহমান বলেন, আমি যখন ভোট দিতে যাই। হাতপাখায় ভোট দেই। এরপর নিশ্চিত হতে কনফারমেশন কাটনে চাপ দেওয়ার পর নৌকা প্রতীক ভেসে উঠেছে। নিচে লেখা রয়েছে আপনার ভোটটি নৌকা প্রতীকে গ্রহন করা হল। আমি সাথে সাথে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছি। তারা বলেছেন তাদের মেশিনে একটু সমস্যা রয়েছে পরে ঠিক করে দিবেন। পরে ৩ টা সাড়ে ৩টার দিকে দিয়ে আমাকে ভোট দিতে বলেছেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এবারের কেসিসি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

৩১ টি ওয়ার্ডের ২৮৯ টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

 

সানবিডি/এসকেএস