খাগড়াছড়িতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৩ ১৫:৩৮:৫০


খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) লতিবান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কলনজয় ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১২ জুন) বিকেলে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত বীরবালা ত্রিপুরা (৩৫) গঙ্গারামপাড়ার দীপন কান্তি ত্রিপুরার সহধর্মিণী।

ইউপি সদস্য কলনজয় ত্রিপুরা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় রান্নাঘরে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন বীরবালা ত্রিপুরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ ও লতিবান ইউপির প্যানেল চেয়ারম্যান বিনয় চাকমা। এ সময় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নিহতের পরিবারের জন্য ১৫ হাজার টাকা ও লতিবান ইউপির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

এম জি