ঈদ যাত্রায় বাস ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৩ ১৬:৫৮:২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া না নেয়ার আহবান করেছেন শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এসময় ঈদ যাত্রায় বাসে ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু বলেন, মুসলিমদের জন্য ঈদুল আযহা একটি বড় ধর্মীয় উৎসব। এই ঈদে রাজধানী থেকে নাড়ির টানে মানুষ বাড়ি আসে। শেরপুরের নিম্ন আয়ের মানুষ এখন রাজধানীতে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত। ধর্মীয় উৎসবগুলোতে তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে বাস কোচ মালিক সমিতি বদ্ধ পরিকর। তাই কোনভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ যদি বাসে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া দাবি করে, আমাদের কাউন্টারে অভিযোগ করলে আমরা জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।
বাস কোচ মালিক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে সারাদেশেই একই নিয়ম বলবৎ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উৎসব আরও আনন্দপূর্ণ করেছেন। তাই সবাই যাতে পরিবারের সাথে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এজন্যই পরিবহন খাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













