মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৪ ০৯:৫৩:১৬


ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) রাত ৮টায় উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় ।

বুধবার (১৪ জুন) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের আবদুল মজিদ খানের মেয়ে কেয়া মনি (১৫)। তিনি উত্তমপুর চল্লিশ কাহানিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণিতে পড়তেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে কেয়া পরিবারের কেউ বাড়িতে না থাকায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিন্তু কি কারণে আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। পরে পুলিশ গিয়ে ঘরের আড়ায় ঝুলতে থাকা মরদেহটি উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মঙ্গলবার রাতে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।

এম জি